নাসিমের সুরেই হুমকি খোকনের
নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত-শিবির কোনো নৈরাজ্য সৃষ্টি করলে তাদের ২০ হাত মাটির নিচে পুঁতে ফেলার হুমকি দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানের শিষ্য হিসেবে পরিচিত আইনজীবী খোকন গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সমাবেশে এই হুমকি দেন।
এর আগে গত রোববার শামীম ওসমানের বড় ভাই ও জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ নাসিম ওসমান এক সমাবেশে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোনো নেতার বাড়িতে হামলা হলে পাল্টা হামলা ও হত্যার হুমকি দেন। খোকন সাহাসহ শামীম ওসমানপন্থী আওয়ামী লীগের অনেক নেতা ওই সমাবেশে উপস্থিত ছিলেন।
‘বিএনপি-জামায়াতের অবরোধ নারায়ণগঞ্জবাসী মানে না’ ব্যানারে গতকাল বিকেলে নগরের পুরান কোর্ট এলাকা থেকে মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। মিছিলটি চাষাঢ়া বিজয় স্তম্ভে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে খোকন সাহা বলেন, ‘দেশের মানুষ বিএনপি-জামায়াতের সন্ত্রাসের কারণে ভীত-সন্ত্রস্ত। এ সময় তাদের দমন করতে যৌথ বাহিনীর অভিযান দেশের মানুষের মধ্যে একধরনের স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসছে। আমরা তাদের এই অভিযানকে সাধুবাদ জানাই।’
খোকন সাহা আরও বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন বানচাল করতেই বাসে পেট্রলবোমা হামলা ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন। মানুষ পুড়িয়ে মারা ও এই ধ্বংসযজ্ঞ থেকে বিরত না হলে তাঁকে এর মাশুল দিতে হবে। তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত-শিবির কোনো নৈরাজ্য সৃষ্টি করলে তাদের ২০ হাত মাটির নিচে পুঁতে রাখা হবে।’
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি এহসানুল হাসান, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন প্রমুখ।