রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র নাসরুল্লাহ নাসিমের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তাঁর বাবা মোসলেম উদ্দীন। এদিকে নাসিমকে দোতলা থেকে ফেলে দেওয়ার ঘটনায় হল প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার উপাচার্যের কাছে জমা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে মোসলেম উদ্দীন বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম। সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে ভাবতে পারিনি। ছাত্ররাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে আর যেন কোনো বাবা-মায়ের বুক খালি না হয়।’ পরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।গত ১৫ আগস্ট নাসিমকে মারধর করে দোতলা থেকে ফেলে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগস্ট নাসিমের মৃত্যু হয়।