
গড়াই নদের পারে ছোট্ট এক বাগানে ছোট ছোট ছেলেমেয়ে খেলা করছে। কেউ বই পড়ছে আবার কেউ গাছের সঙ্গে পরিচিত হচ্ছে। বাগানের মালিক নাসির উদ্দিন। এলাকার মানুষ তাঁকে নাসির স্যার বলেই ডাকে। কথা বলেন কম, কিন্তু তাঁর চিন্তা ও কাজের কথা এলাকার মানুষের মুখে মুখে।
কুষ্টিয়া শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার কয়া গ্রাম। এই গ্রামেই মামাবাড়িতে বিপ্লবী বাঘা যতীনের শৈশব কেটেছে। নাসির উদ্দিনের বাড়িটাও এই গ্রামে, গড়াই নদের পারে। বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের বিনোদন কেন্দ্র। পাশাপাশি রয়েছে তাদের পড়াশোনার জন্য নানা ধরনের গল্পের বই, ফল-ফুল আর ঔষধি গাছের সমাহার। গ্রামের শিশুদের শৈশবটা যেন আনন্দমুখর হয় এবং তারা যাতে আলোকিত ও প্রকৃতিপ্রেমী মানুষ হয়, দীর্ঘ ১০ বছর ধরে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নাসির উদ্দিন।
জীবনকথা: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন নাসির উদ্দিন। দশম শ্রেণিতে পড়ার সময় নিজ গ্রামে শিক্ষার আলোর অভাব অনুভব করেন। ১৯৬৬ সালে বন্ধু সুশান্ত সিকদার ও দুলাল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন কয়া নৈশ বিদ্যালয়। বিভিন্ন বয়সের অনেক নিরক্ষর মানুষকে সাক্ষরতা শেখান তাঁরা। দীর্ঘ ১০ বছর স্কুলটি পরিচালনা করেন। খেলাধুলার প্রতিও তাঁর গভীর অনুরাগ। ১৯৭২ সালে কুষ্টিয়া স্টেডিয়ামে ভলিবল খেলতে আসে সোভিয়েত ইউনিয়ন। সে খেলা দেখে অনুপ্রাণিত হয়ে নিজের গ্রামে ভলিবল দল গঠন করেন। ১৯৬৯ সালে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে অবসরে যান। তাঁর দুই ছেলে, এক মেয়ে। একজন চাকরিজীবী, আরেকজন ব্যবসায়ী। মেয়ে বিবাহিতা। স্ত্রী গৃহিণী।
বাগানে একদিন: শুক্রবারের এক সকালে নাসির উদ্দিনের বাগানে পৌঁছে দেখা গেল, শতাধিক ছেলেমেয়ে সেখানে। কেউ বই পড়ছে, কেউ দোলনায় দুলছে। মেয়েরা দড়ি ঘোরানো খেলছে। আবার কেউ গাছের সঙ্গে পরিচিত হচ্ছে। কেউ ছবি আঁকছে। এক পাশে রাখা বেশ কয়েকটি ফাইল। ওই সব ফাইলে বিভিন্ন সময়ের পত্রিকার কাটিং রাখা। বেশির ভাগই নানা আবিষ্কারের প্রতিবেদন। শিশু শিক্ষার্থীরা যাতে দেশ-বিদেশ সম্পর্কে জানতে পারে, সে জন্য এ ব্যবস্থা। কাঁধে লম্বা ঝোলানো ব্যাগ, হাতে বাঁশি নিয়ে নাসির সাহেব কখনো শিশুদের খেলা পরিচালনা করছেন, কখনো পড়াশোনা দেখভাল করছেন। যুক্ত বানান শিক্ষা ও সুন্দর হাতের লেখার চর্চাও হয়। উচ্চ স্বরে পড়ানো হয়, যাতে তাদের উচ্চারণ সঠিক হয়।
নাসির উদ্দিন জানালেন, ২০০৫ সালে বাড়ির আঙিনায় এক বিঘা জমিতে বাগানের মধ্যে তিনি শিশুদের জন্য গড়ে তোলেন বিনোদন কেন্দ্র। নিজের গ্রাম ও আশপাশের গ্রামের শিশুরা এ বাগানে আসে। খেলাধুলা করে, বই পড়ে। সবার জন্য এ বাগানের দ্বার খোলা। তিনি নিয়মিত আশপাশের ইউনিয়নের বিভিন্ন প্রাইমারি বিদ্যালয়ে যান। ছেলেমেয়েদের তাঁর বাগানে আসতে বলেন। তাদের বই পড়তে উৎসাহিত করেন। আগ্রহী হলে বই বিতরণ করেন। পড়া শেষ হলে ফেরত নেন। প্রতিটি এলাকায় পাঠাগার গড়ে তুলতে স্থানীয় শিক্ষিত মানুষকে উৎসাহ দেন।
গাছের জন্য ভালোবাসা: প্রায় ৪০ বছর ধরে তিনি বিলুপ্তপ্রায় গাছ বাঁচিয়ে রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় গড়ে তোলেন বাগান। বাগানটিতে ১৭০ প্রজাতির গাছ আছে। প্রতিটি গাছে কাগজ লেমিনেটিং করে নাম লেখা আছে, যাতে শিশুরা পড়ে চিনতে পারে। এর মধ্যে রয়েছে ২২ প্রজাতির ফলদ এবং ১১০ প্রজাতির ঔষধিসহ নানা ধরনের গাছ। উল্লেখযোগ্য হলো বনকাঁঠাল, ফলশাহী, মিষ্টি আমলকী, মিষ্টি কামরাঙা, মিষ্টি করমচা, দুর্লভ প্রজাতির জামরুল, হরগৌড়ি, দুধরাজ, বনশোন, হাসনাহেনা, যজ্ঞডুমুর ইত্যাদি। বিনা মূল্যে গাছের চারা বিতরণ করেন তিনি।

কুলসুম নেছা পাঠাগার: বাড়ির একটি ঘরে মায়ের নামে একটি পাঠাগার গড়ে তুলেছেন। বইয়ের পরিমাণ কম হলেও খুবই সুসজ্জিত। রবীন্দ্রনাথ, চে গুয়েভারা, বেগম রোকেয়া, জয়নুল আবেদিনসহ দেশ-বিদেশের বিখ্যাত ব্যক্তিদের ছবি টাঙানো। দেয়ালে মনীষীদের বাণীও লেখা আছে। পাঠাগারের প্রবেশদ্বারে ‘পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে অন্ধকারে রয়’, ‘নিজে বই পড়ুন অন্যদের বই পড়তে উৎসাহ দিন’, ‘বেশি বেশি বই পড়ুন বেশি বেশি জানুন’ ইত্যাদি বাণী লেখা আছে। এই পাঠাগারের বই নিয়েই তিনি আশপাশের এলাকার বিভিন্ন স্কুলে যান।
ফল উৎসব ও অন্যান্য আয়োজন: গাছে ফল পাকলে শিশুদের নিয়ে উৎসব হয় বাগানে। আনন্দ করে ফল খায় শিশুরা। আর পাখিদের জন্য প্রতিটি গাছে কিছু ফল রেখে দেওয়া হয়। এলাকার যুবক মিলন হাসান জানালেন, পয়লা বৈশাখে নাসির সাহেব শত শত ছেলেমেয়ে নিয়ে র্যা লি বের করে গ্রাম প্রদক্ষিণ করেন। গত বছর থেকে দুই দিনব্যাপী নববর্ষের উৎসব উদ্যাপন করা হয়। এ উপলক্ষে স্থানীয় স্কুল মাঠে শিশুদের নিয়ে নানা ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এ ছাড়া বাগানকে কেন্দ্র করে শিশু-কিশোরদের নিয়ে শহীদ দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস এবং ঈদ ও শারদীয় উৎসব উদ্যাপন করেন নাসির উদ্দিন।
বাগানজুড়ে বাণী: বাগানের ভেতরে প্রতিটি গাছের সঙ্গে টাঙানো মনীষীদের বাণী। পেরেক ঠুকে নয়, সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। ‘সাম্প্রদায়িকতামুক্ত সমাজ গড়ে তুলুন’, ‘সহজ পথে খ্যাতি বা সফলতা আসবে না, চাই বুদ্ধিদীপ্ত পরিকল্পনা’, ‘না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে’, ‘গাইড বই কখনো মূল বইয়ের বিকল্প হতে পারে না’, ‘বাল্যবিবাহ প্রতিরোধ করুন’, ‘মাদককে না বলুন, ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’, ‘গ্রামে গ্রামে পাঠাগার গড়ে তুলুন’সহ অসংখ্য বাণী পুরো বাগানে ছড়ানো। এগুলো শিশুদের পড়ানো হয়। শিশুদের এসব বাণীর মর্মকথা বুঝিয়ে বলেন তিনি।
তানভীর আহমেদ নামে এক ছাত্র বলে, দুই বছর ধরে সে এই বাগানে এসে গল্পের বই পড়ছে। নানা ধরনের বই পড়ে ও ছবি আঁকতে তার ভালো লাগে। একই কথা জানাল চাঁদনী আকতার, কাইয়ুম ও সাদিয়া। চতুর্থ শ্রেণির ছাত্রী মৌটুসী ইয়াসমিন জানাল, এক বছর ধরে সে এখানে এসে বই পড়ে। খেলা করে। নাসির স্যার তাদের অনেক কিছু শেখান।
কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলী মোল্লা বলেন, ‘নাসির স্যার স্কুলে এসে শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে কথা বলেন। শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।
বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘প্রায়ই তিনি আমাদের স্কুলে আসেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বইও বিতরণ করেন। স্কুলের শিক্ষার্থীদের অবসর সময়ে বাগানে যেতে উদ্বুদ্ধ করেন।’
সাউথইস্ট ইউনিভার্সিটির বাংলা বিভাগের চেয়ারম্যান রকিবুল ইসলাম জানালেন, নাসির স্যারের সামাজিক কাজগুলো খুবই ভালো লাগে তাঁর। এ জন্য বিভিন্ন ধরনের বই দেওয়াসহ নানাভাবে স্যারকে সহায়তা করেন তিনি।