নাসির গ্রুপের চেয়ারম্যানসহ ১০ জনকে দুদকে তলব
অর্থ পাচার মামলার তদন্তের জন্য নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস ও প্রতিষ্ঠানটির আট কর্মকর্তাসহ মোট ১০ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী তাঁদের তলবি নোটিশ পাঠান।
যাদের তলব করা হয়েছে তাঁরা সবাই দুদকের করা মানি লন্ডারিং মামলার আসামি। এঁরা হলেন—নাসির গ্রুপের চেয়ারম্যান নাসিরউদ্দিন বিশ্বাস, তিন মহাব্যবস্থাপক মো. আলফাজ উদ্দিন, মো. শামীম আহম্মেদ ও মো. সিদ্দিকুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (ক্রয়) মো. মোবাইদুল ইসলাম, হিসাবরক্ষক মো. শামীম, এ জে মানি এক্সচেঞ্জের মালিক সাইফুল বিশ্বাস, কর্মচারী মো. এমদাদুল, হুন্ডি ব্যবসায়ী মো. ফিরোজ আহমেদ ও তাঁর ছেলে মো. আদিল আহমেদ।
তাঁদের আগামী ৩০,৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
এদিকে দুদক সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযুক্ত এ সব ব্যক্তিকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। ইতিমধ্যে দুদকের পদস্থ এক কর্মকর্তা কমিশনের সভায় আসামিদের গ্রেপ্তারের সুপারিশ করেছেন। দুদক চেয়ারম্যানও তার পক্ষে মত দিয়েছেন। কমিশনের আরেক সদস্য বলেছেন, আসামিরা যেহেতু দেশে রয়েছেন এবং পালিয়ে যাওয়ার আশঙ্কা নেই তাই গ্রেপ্তার না করেও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো যেতে পারে।
প্রায় ৫৮ কোটি টাকা পাচারের অভিযোগে চলতি বছরের ৮ মার্চ নাসির গ্রুপের চেয়ারম্যান নাসিরউদ্দিন বিশ্বাসসহ এ ১০ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম। পরে মামলার তদন্তের জন্য উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেনকে নিয়ে একটি তদন্ত দল গঠন করে দুদক।
নাসির গ্রুপের মোট ১০টি অঙ্গপ্রতিষ্ঠানের মধ্যে দু’টি প্রতিষ্ঠান-নাসির লিফ টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নাসির প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওপর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে দুদক অর্থ পাচারের তথ্য উদঘাটন করে বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলার এজাহারে বলা হয়, নাসির প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের মাধ্যমে ২০১৩ সালে মোট দুই লাখ ৫৫ হাজার ২৩৭ মার্কিন ডলার ও দুই লাখ ১৭ হাজার ৫০০ ইউরো বিদেশে পাচার করা হয়। ২০১২ সালে নাসির লিফ টোব্যাকো ইন্ডাস্ট্রিজ থেকে টোব্যাকো ট্রেডিং অ্যান্ড সার্ভিসেসের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে ৩৫ হাজার মার্কিন ডলার হুন্ডির মাধ্যমে পাচার করা হয়। ২০১৩ সালে দুবাই এক্সপ্রেস টিটির মাধ্যমে ৫০ হাজার ডলার হংকংয়ের এসপিসি ট্রেডিং লিমিটেডে পাচার করা হয়। এভাবে সর্বমোট তিন লাখ ৪০ হাজার ২৩৭ মার্কিন ডলার ও দুই লাখ ১৭ হাজার ৫০০ ইউরো বিদেশে পাচার করা হয়েছে।
এ ছাড়া ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ১৪ আগস্ট পর্যন্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখায় নাসির গ্রুপের নাসির লিফ টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নাসির প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে পরিচালিত দুটি অ্যাকাউন্ট থেকে ৫৫ কোটি ৬৭ লাখ চার হাজার ৫৮৪ টাকা (বাংলাদেশি মুদ্রা) পাচার করা হয়েছে বলেও মামলার এজাহারে অভিযোগ তোলা হয়। এজাহারে আরও বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দু’টি অ্যাকাউন্ট থেকে ১৩৮ কোটি টাকা বিভিন্ন মানুষকে দেওয়া হয়েছে। যার বেশিরভাগ অংশ বিভিন্ন হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যায়।