নাসির গ্রুপের তিন জিএমকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলার তদন্তে নাসির গ্রুপের তিন মহাব্যবস্থাপককে (জিএম) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তিনজনই দুদকের করা মানি লন্ডারিং মামলায় এজাহারভুক্ত আসামি।
এঁরা হলেন মহাব্যবস্থাপক (আমদানি) মো. আলফাজ উদ্দিন, মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. শামীম আহম্মেদ ও মহাব্যবস্থাপক (ফাইনান্স ও হিসাব) মো. সিদ্দিকুর রহমান।
দুদক সূত্র জানায়, গ্রুপটির চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসসহ চারজনকে আজ রোববার হাজির হওয়ার জন্য দুদকে তলব করা হলেও অসুস্থ থাকায় হাজির হতে পারেননি চেয়ারম্যান।
প্রায় ৫৮ কোটি টাকা পাচারের অভিযোগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নাসির গ্রুপের চেয়ারম্যান নাসিরউদ্দিন বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম।
পরে মামলার তদন্তের জন্য উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেনকে নিয়ে একটি তদন্ত দল গঠন করে দুদক।
মামলার তদন্তের অংশ হিসেবে গত ২০ আগস্ট এ ১০ জনকে দুদকে হাজির হতে তলবি নোটিশ পাঠানো হয়। এ ধারাবাহিকতায় সোম ও মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হবে এজাহারভুক্ত আরও ছয়জনকে। এঁরা হলেন নাসির গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (ক্রয়) মো. মোবাইদুল ইসলাম, হিসাবরক্ষক মো. শামীম, এ জে মানি এক্সচেঞ্জের মালিক সাইফুল বিশ্বাস, কর্মচারী মো. এমদাদুল, হুন্ডি ব্যবসায়ী মো. ফিরোজ আহমেদ ও তাঁর ছেলে মো. আদিল আহমেদ।