অর্থ পাচার মামলার তদন্তে নাসির গ্রুপের তিন মহাব্যবস্থাপককে (জিএম) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তিনজনই দুদকের করা মানি লন্ডারিং মামলার আসামি। তাঁরা হলেন জিএম (আমদানি) মো. আলফাজ উদ্দিন, জিএম (মার্কেটিং) মো. শামীম আহম্মেদ ও জিএম (ফাইনান্স ও হিসাব) মো. সিদ্দিকুর রহমান।
দুদক সূত্র জানায়, ব্যবসায়িক গ্রুপটির চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসসহ চারজনকে রোববার হাজির হওয়ার জন্য দুদকে তলব করা হলেও অসুস্থ থাকায় তিনি হাজির হতে পারেননি। প্রায় ৫৮ কোটি টাকা পাচারের অভিযোগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নাসির গ্রুপের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক। মামলার তদন্তের জন্য উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেনকে নিয়ে দল গঠন করে দুদক।
তদন্তের অংশ হিসেবে ২০ আগস্ট দশ আসামিকে দুদকে হাজির হতে তলবি নোটিশ পাঠানো হয়। এ ধারাবাহিকতায় আজ ও কাল আরও ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হবে।