নাসিরউদ্দিন হত্যার বিচারের দাবিতে আলটিমেটাম
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শ্রমিক লীগের নেতা নাসিরউদ্দীন হত্যার বিচারের দাবিতে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে সমাবেশ থেকে গত মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী এ ঘোষণা দেন। এতে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ।রোববার সিরাজগঞ্জের যমুনা নদীতে বালু তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নাসির নিহত হন। এদিকে, নাসির হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, শহরের ধানবান্ধি এলাকার সোহেল রানা, নিজাম উদ্দীন, আকবর আলী ও মানিক চাঁদ। এ নিয়ে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হলো। ওসমান আলী বলেন, নাসির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিদের দ্রুত বিচার আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। যমুনা নদী থেকে বালু তোলার সব যন্ত্রপাতি জব্দ ও সরকারি সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া বালু তোলা বন্ধ রাখতে হবে। এই দাবি পূরণ না হলে ২১ সেপ্টম্বর থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে। এর পরও দাবি পূরণ না হলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। এলাকাবাসী ও শ্রমিক সূত্র জানায়, গতকাল দ্বিতীয় দিনের মতো সিরাজগঞ্জে শ্রমিক ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘট চলাকালে কোচ, বাস, ট্রাক, অটোরিকশা, টেম্পো, রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়।