নাসিরনগর ও গাইবান্ধায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের মঠ, মন্দির ও বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতারা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা পূর্বপরিকল্পিত। যারা হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে দমন-পীড়ন-নির্যাতন চালিয়ে পাহাড়িদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের আচরণ ফ্যাসিবাদী। সরকার উন্নয়নের কথা বললেও গণতন্ত্রের কথা বলছে না। সমাবেশ থেকে পিসিপির কেন্দ্রীয় নেতা বিপুল চাকমা, বিনয়ন চাকমা, অনিল চাকমাসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক জিকো চাকমা।

বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার সম্পাদক রূপন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (ওমর) নগর শাখার তথ্য ও প্রচার সম্পাদক কাজী আরমান, ছাত্র ফেডারেশনের (সাকি) নগর শাখার সভাপতি শওকত আলী, সমাজতান্ত্রিক
ছাত্র ফ্রন্টের পার্থ প্রতিম নন্দী, গণসংহতি আন্দোলনের নগর সমন্বয়ক হাসান মারুফ, প্রগতিশীল ফোরামের সমন্বয়ক সুশান্ত
বড়ুয়া, জাতীয় মুক্তি কাউন্সিলের পূর্ব অঞ্চলের সদস্যসচিব আমির আব্বাস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক সুনীল চাকমা।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা নগরে মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।