
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনেরও প্রতিবাদ জানান। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী ও ভূমিলোভীরা একের পর এক সংখ্যালঘু গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাঁরা বলেন, সাঁওতাল ও হিন্দু সম্প্রদায়ের ওপর ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় যে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে দেশ স্বাধীন হয়েছিল, তার প্রতি অসম্মান করা হবে।
প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি রাজীব কুমার বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, রসায়ন বিভাগের অধ্যাপক তাপসী ঘোষ রায়, পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, ইতিহাস বিভাগের শিক্ষক আনন্দ বিকাশ চাকমা, ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সুবর্ণা মজুমদার প্রমুখ।
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক, রাজনীতিবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিন্টু ত্রিপুরা, রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি।