নাসিরনগর ও গোবিন্দগঞ্জের ঘটনায় সরকারের মুখোশ উন্মোচিত: সন্তু লারমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, দেশের নীতিনির্ধারকেরা মিথ্যার বেসাতি খুলে বসেছেন। নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের নির্মমতা সরকারের মুখোশ উন্মোচন করে দিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে আদিবাসীদের নতুন করে নিজেদের অধিকার নিশ্চিতের কথা ভাবতে হবে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আদিবাসী ফোরামের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সন্তু লারমা এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, সংখ্যালঘুরা বলছেন তাঁদের অন্তত ভারতে চলে যেতে দিতে। তাঁদের ওপর নির্যাতনের মাত্রাটা কী পরিমাণ, তা তাঁদের এই কথা থেকেই প্রতীয়মান হয়। তাঁদের নিজ দেশে পরবাসী করে রাখা হয়েছে।

নাসিরনগর ও গাইবান্ধার ঘটনাকে কদর্য সাম্প্রদায়িক ঘটনা বলে আখ্যায়িত করে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা এ জন্য হুমকির মুখে। তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা এরশাদ ও জিয়ার জুতা পায়ে পরে নিয়েছেন। সেই জুতা পরেই তিনি এখন দেশ চালাচ্ছেন।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আদিবাসীরা এগিয়ে এসেছিলেন, এটা রাষ্ট্রকে সব সময় মনে রাখতে হবে। তাঁদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, আদিবাসীদের মতো সমতলের সংখ্যালঘুদের সমস্যা একই। এই সমস্যা ভূমির, এই সমস্যা অস্তিত্বের। তাঁর মতে, বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারলেই সমস্যার সমাধান সম্ভব।