নাসিরনগর ও ত্রিশালে চার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের সাইয়াউক গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব ও হত্যা মামলার জের ধরে গতকাল শনিবার সংঘর্ষে দুজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। একই দিন ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সাইয়াউক গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গত বছর সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা বিতরণ ও পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে হামলা-মামলা ও পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরিচালনা কমিটির তখনকার সভাপতি খন্দকার শাহীন ও ওই গ্রামের বাচ্চু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ওই হত্যার ঘটনা ঘটে। পরে ওই হত্যাকে কেন্দ্র করে বাচ্চুর পক্ষের কমপক্ষে ৫০টি পরিবারের বসতঘর সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। তাঁদের ঘরে থাকা আসবাবপত্র লুটপাট করাসহ ইট-কাঠ-টিন-রড-নলকূপ খুলে নেওয়া হয়। এ ছাড়া বাচ্চুর পক্ষের লোকজনের প্রায় শতাধিক বিঘা রবিশস্যের জমিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গতকাল সকালে এর জের ধরেই আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাইয়াউক গ্রামের নান্নু মিয়ার ছেলে হারুন মিয়া (৩৬) ও একই গ্রামের মৃত রোশন আলীর স্ত্রী মিনা বেগম (৫২) নিহত হন। এ ছাড়া ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা মুঠোফোনে প্রথম আলোকে জানান, গতকাল (শনিবার) থেকে স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু সকাল থেকেই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, খবর পেয়ে সাইয়াউক গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। ওই দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ত্রিশাল থানা পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের মামা সূর্যেত আলী ও ভাগনে আবুল কালামের (৬৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে সূর্যেত আলী বিরোধপূর্ণ জমিতে চাষ করছিলেন। এ সময় আবুল কালাম ও তাঁর ছেলে আবুল কাসেম (৩২) এসে তাঁকে জমি চাষে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। পরে সূর্যেত ও তাঁর চার ছেলে রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মোকছেদুল ইসলাম ও সাইফুল ইসলাম দা, লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। খবর পেয়ে আবুল কালামের লোকজনও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর পাল্টা হামলা চালান। সংঘর্ষে ঘটনাস্থলেই আবুল কালাম ও আবুল কাসেম মারা যান। এ ছাড়া আবুল কালামের ভাই আবদুস সালাম এবং সূর্যেতের ছেলে রফিকুল, তাঁদের সমর্থক আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম ও রাসেল মিয়া আহত হন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ওই দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।