নাসিরনগরে ইউপি সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্দিরের জায়গা নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিমল রায়কে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিমল রায়ের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী জানান, সরাইলহাটি এলাকার শাহজিবাড়ি দুর্গামন্দিরের ৭৬ শতাংশ একটি পুকুরের মালিকানা নিয়ে মন্দির পরিচালনা কমিটির সঙ্গে কয়েক বছর ধরে পাশের সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন ভূঁইয়ার বিরোধ চলে আসছে। তিন-চার বছর ধরে চাতলপাড় ইউনিয়নের বাগাইয়াহাটির সাবেক ইউপি সদস্য মঞ্জু ভূঁইয়া এলাকায় প্রচারণা চালান পুকুরটি তিনি কুতুব উদ্দিন ভূঁইয়ার কাছ থেকে ১০ লাখ টাকায় কিনে নিয়েছেন।
বিমল রায় দাবি করেন, কিছুদিন ধরে তাঁকে হত্যার হুমকি দিচ্ছিলেন মঞ্জু ভূঁইয়ার ছেলেরা।
মঞ্জু ভূঁইয়া বলেন, ‘আমি পুকুরটি কিনেছি৷’ পরে বলেন, ‘কেনার জন্য দামদর করছি।’ কুতুব উদ্দিন বলেন, ‘মঞ্জু ভূঁইয়ার ছেলেদের কাছে আমি পুকুরটি ইজারা দিয়েছি, বিক্রি করিনি।’