নাসিরনগরে এক গৃহবধূ ধর্ষণের শিকার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক গৃহবধূকে (৪০) তুলে নিয়ে ধর্ষণ করেছে একদল লোক। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার গৃহবধূর স্বজনেরা জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ওই নারীর ঘরের দরজা ধাক্কা দিয়ে বলে, ‘আমরা থানা থেকে এসেছি, দরজা খোলেন। নতুবা দরজা ভেঙে ঘরে ঢুকব।’ তারা সজোরে দরজা ধাক্কাতে থাকে। এতে ভীত হয়ে গৃহবধূ দরজা খুলে দেন। দুর্বৃত্তরা তাঁকে মুখ চেপে ধরে নদীর পারে নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করে জমির আইলে ফেলে চলে যায়। সেখান থেকে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ভলাকুটের ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ জানান, ওই রাতে গৃহবধূর স্বজনেরা মুঠোফোনে ঘটনাটি তাঁকে জানিয়েছেন। নাসিরনগর থানার ওসি আবদুল কাদের বলেন, ‘চেয়ারম্যান আমাকে ঘটনাটি জানানোর পর পুলিশ পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করেছি। পরে খাগালিয়া গ্রামের আরাফাত আলী, মরম আলী, রাসু মিয়া, কাদির ইসলাম ও আবু সালেককে আসামি করে ওই গৃহবধূ থানায় মামলা করেছেন।’