নাসিরনগরে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় যতীন্দ্র চৌধুরী নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার সাধন গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। যতীন্দ্রের বাড়ি একই গ্রামে। পুলিশের ধারণা, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে বসতবাড়ির জমি নিয়ে যতীন্দ্র চৌধুরীর (৫০) সঙ্গে প্রতিবেশী তপন চৌধুরীর (৪০) বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা হয়। সম্প্রতি মামলায় রায়ে জমির মালিকানা পান যতীন্দ্র। কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। গতকাল সকালে গ্রামবাসী তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এদিকে লাশ উদ্ধারের পর তপন চৌধুরী ও তাঁর লোকজন পালিয়ে যান। তবে গ্রামবাসী তপন চৌধুরীর মা কানুবালাকে (৫৮) আটক করে পুলিশে সোপর্দ করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তপন চৌধুরীর মাকে আটক করা হয়েছে।