নাসিরনগরে কলেজছাত্রীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি হাসপাতালের পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দীনা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বটতলায় আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে।
দীনা নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম সালেম ও সহকারী শিক্ষিকা শাহানা আক্তারের মেয়ে। সে নাসিরনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। দীনার কয়েকজন সহপাঠী নাম প্রকাশ না শর্তে বলেছে, প্রতিবেশী এক যুবকের সঙ্গে দীনার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মা-বাবার চাপের মুখে দীনা এ সম্পর্কের ইতি টানতে বাধ্য হয়। কয়েক দিন আগে ওই যুবক তার কাছে একটি চিঠি ও উপন্যাস পাঠায়। এ নিয়ে বাবা-মা দীনাকে বকাঝকা করেন।
নাসিরনগরের বেসরকারি আধুনিক হাসপাতালের কর্মী বীরেন্দ্র দেবনাথ জানান, হাসপাতালের কাছেই দীনাদের বাসা। গতকাল বেলা ১১টার দিকে দীনা হাসপাতালে এসে দাঁতের চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা বলে ওপরে যায়। এরপর সে পাঁচতলার ছাদ থেকে লাফ দেয়। তাকে উদ্ধার করে প্রথমে নাসিরনগর আধুনিক হাসপাতাল ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, ‘ঘটনাটি শুনেছি। কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’