নাসিরনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লিপি রানী দাস (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী লিটন দাসকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার কুণ্ডা ইউনিয়নের তুল্লাপাড়ার শ্রেণীবাস দাসের কন্যা লিপি রানী দাসের সঙ্গে দুই বছর আগে একই উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবি গ্রামের নিরঞ্জন দাসের ছেলে লিটন দাসের বিয়ে হয়। তাঁদের এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে। লিপি রানী দাসের বাবা শ্রেণীবাস দাস জানান, এক মাস আগে লিটন নতুন ঘর নির্মাণ করতে এক লাখ টাকার জন্য তাদের বাড়িতে আসে। তিনি ওই টাকা দিতে না পারায় লিটন ও লিটনের মা প্রায়ই লিপিকে নিযার্তন করত। সপ্তাহ খানেক আগে তার বাবা লিটনকে সংসার থেকে আলাদা করে দেন। শ্রেণীবাস দাস অভিযোগ করে বলেন, ‘টাকা না দেওয়ায় লিটন দাস ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে গলা টিপে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।’ তবে থানাহাজতে লিটন দাস বলেন, ‘আমি মাছ ধরতে ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়লে লিপি অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।’ এ ঘটনায় শ্রেণীবাস দাস বাদী হয়ে লিটন দাস, তাঁর মা নিরঞ্জন দাসসহ ছয়জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা করেছেন।