নাসিরনগরে গ্রেপ্তার আরও ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুদের মন্দির-বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা দুটি মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জ্যাঠাগ্রাম থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ৮৪ জনকে গ্রেপ্তার করা হলো।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের পরিচয় জানায়নি পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফরের ভাষ্য, এখন পর্যন্ত নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে।

৩০ অক্টোবর প্রথম হামলার ঘটনায় করা দুটি মামলায় গত সোমবার পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ আরও চারজন গ্রেপ্তার হলেন।

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা চালানো হয়। এর পাঁচ দিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়।