নাসিরনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬০ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শিশু, নারীসহ উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভূরিশ্বর ইউনিয়নের স্ত্রীঘর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে। পাঁচজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৫১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্থারকে কেন্দ্র করে ওই গ্রামের বাঘবাড়ীর গাজী মিয়ার (৪০) দলের সঙ্গে ফকিরবাড়ীর আলী মিয়ার (৪৫) দলের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার দুপুরে আলী মিয়া স্ত্রীঘর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়তে এলে গাজী মিয়ার লোকজন তাঁকে পিটিয়ে হাত ভেঙে দেয়। এর জের ধরে বেলা আড়াইটার দিকে উভয় পক্ষের দাঙ্গাবাজ লোকজন লাঠিসোঁটা, বল্লম ও দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের শিশু, নারীসহ ৬০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে মিয়া দরকে (৩৫) ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আলী মিয়া (৪৫), শাহ আলম (৩৫), শফিক মিয়া (৩০), মাহফুজ মিয়া (৪৫) ও আলম চাঁন বেগমকে (৩৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ৫১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।