নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গত সোমবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের আমির উদ্দিন ও হাজি সুরুজ আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সুরুজ আলীর পক্ষের এক ব্যক্তি আমির উদ্দিনের পক্ষের অপর ব্যক্তির জমিতে ঘাস কাটতে গেলে উভয়ের মধ্যে তর্ক হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষই এয়ারগান ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে। এ সময় ১০-১২টি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়স্ত্রণে আনে। আহত শাহ আলম (৪৫), আসমা বেগম (৪০), জাহাঙ্গীর (১৮) ও বদরুলকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফয়েজ মিয়া (৪০), হাজি সুরুজ মিয়া (৪৫), রফিক উদ্দিন (২৭), নগর আলী (২৪), আসরাফ আলী (২৭), সফর আলী (২৮), শাহিন মিয়া (২০), শাহ আলম (১৯), সফিকুর রহমান (৩৫), আহাদ আলী (৩০), রুমা বেগম (২২) ও বুলু মিয়াকে (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গতকাল মঙ্গলবার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।