নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘাইয়া গ্রামে পূর্ববিরোধের জেরে গতকাল সোমবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত যুবকের নাম হুমায়ুন কবির ভূঁইয়া (২৫)। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আশরাফ আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঘাইয়া গ্রামের মো. মঞ্জু ভূঁইয়ার সঙ্গে একই গ্রামের তবারক হোসেন ভূঁইয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে মঞ্জু ভূঁইয়ার পক্ষের রুহুল হক ভূঁইয়া (৪৫) ও হুমায়ুন কবির ভূঁইয়া পাশের কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের বাঘাইয়া গ্রামের পাশে ধানি জমিতে কাজ করতে গেলে তবারকের লোকজন তাঁদের পিটিয়ে জখম করে। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, বল্লম ও দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় চার ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। সংঘর্ষে গুরুতর আহত হুমায়ুনকে কিশোরগঞ্জের ভাগলপুর জহিরুল হক মেডিকেল কলেজে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অষ্টগ্রাম থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আহত অন্যদের বাজিতপুর, কুলিয়াচর, অষ্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঞ্জু ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তবারাক জোরপূর্বক গ্রামের অনেকের জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করে আসছেন। তাঁকে বাধা দেওয়ার জেরে তবারক কয়েকজন শ্রমিক নিয়ে ওই হামলা চালান। তিনি বলেন, ‘একপর্যায়ে আমার ভাতিজাকে (হুমায়ুন) সামনে পেয়ে বল্লম বিদ্ধ করে। হুমায়ুন পরে মারা যায়।’ তবরাক জানান, ‘তাঁর ইটভাটায় মাটি সরবরাহের কাজ না পেয়ে মঞ্জু ও তাঁর লোকজন ক্ষুব্ধ হন। এর জেরে গতকাল ইটভাটার শ্রমিকেরা আমার জমি থেকে মাটি কাটতে গেলে কয়েক শ লোক এসে হামলা চালায়।’অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ববিরোধের জেরে ওই সংঘর্ষ হয়। এতে আহত হুমায়ুন মারা যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।