নাসিরনগরে নারী ধর্ষণের শিকার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার রাতে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই নারী গত শুক্রবার রাতে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত পাঁচ ব্যক্তি হলেন পূর্বভাগ গ্রামের নূরুল হক (৪৫), শাহাজাহান মিয়া (৪০), বাক্কি মিয়া (৩৫), আলী আহামঞ্চদ (৩৬) ও পাশের জেঠা গ্রামের সৈয়দ মিয়া (৩০)। পুলিশ শুক্রবার রাতেই নূরুল হক, শাহাজাহান মিয়া ও সৈয়দ মিয়াকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।পরিবারের লোকজন জানান, গত মঙ্গলবার ওই নারী খালার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার রাতে ওই পাঁচ ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখিয়ে খালার বাড়ির পাশের একটি মাঠে নিয়ে ধর্ষণ করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষকেরা পালিয়ে যান। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, ‘আমরা ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্য দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল (শনিবার) দুপুরে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’