নাসিরনগরে নারী বাউল শিল্পীকে গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মনোয়ারা বেগম (৩৫) নামের এক বাউলশিল্পীকে গলা ও হাত কেটে হত্যা করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। মনোয়ারা বেগম উপজেলা সদরের টেকানগর গ্রামের সিয়াম রাজার স্ত্রী। নাসিরনগর থানার পুলিশ গতকাল রোববার ভোরে উপজেলা সদরের টেকানগর গ্রামের নয়াখাল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, ১২-১৩ বছর আগে নাসিরনগর উপজেলা সদরের টেকানগর গ্রামের খোরশেদ রাজার ছেলে বাউলশিল্পী সিয়াম রাজার সঙ্গে উপজেলার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি গ্রামের আদম খাঁর মেয়ে মনোয়ারা বেগমের বিয়ে হয়। পাঁচ-ছয় বছর আগে সিয়াম রাজার সঙ্গে তাঁর বড় ভাই আলী রাজার ঝগড়া হয়। তখন সিয়াম রাজা নিজ বসতঘর ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যান। গত শনিবার সিয়াম রাজা স্ত্রী ও ১০ মাসের ছেলে উজ্জ্বল রাজাকে নিয়ে তাঁর বসতঘর বিক্রির জন্য টেকানগর গ্রামে যাচ্ছিলেন। সন্ধ্যায় টেকানগর গ্রামের কাছে পৌঁছালে আলী রাজা চার-পাঁচজন সঙ্গী নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে স্ত্রী মনোয়ারা বেগমকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় তাঁরা সিয়াম রাজাকে মরধর করে এবং নির্জন স্থানে নিয়ে মনোয়ারা বেগমকে গলা ও হাত কেটে হত্যা করে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।