নাসিরনগরে নিরাপত্তায় বসছে সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ৫০টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হচ্ছে। আজ সোমবার ২৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এর আগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গতকাল রোববার নাসিরনগর সদরের বিভিন্ন মহল্লার বাসিন্দাদের সঙ্গে উঠোন বৈঠক করে পুলিশ। বৈঠক শেষে পুলিশের পক্ষ থেকে ওই সব মহল্লায় পাহারার জন্য বাসিন্দাদের হাতে লাঠি ও বাঁশি তুলে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুর করিম প্রথম আলোকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিরাপত্তা জোরদার করতে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় ৫০টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপনও করা হয়েছে। উপজেলা সদরের নাসিরপুর গ্রামও সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদর এলাকার পশ্চিমপাড়ার জগন্নাথ মন্দির, মহাকালপাড়ার গৌর ও শিবমন্দির, দত্তপাড়ার দত্তবাড়ির মন্দির, ঋষিপাড়া, নাসিরনগর বাজার, খেলার মাঠ, হিন্দু অধ্যুষিত বিভিন্ন এলাকা ও বিভিন্ন সড়কের মোড়সহ অন্তত ২৭টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এর আগে গত শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নাসিরনগরের ঘটনায় ভিডিও ফুটেজই তাঁদের প্রধান উৎস। এসব ফুটেজ ধরে তদন্ত চলছে।

গত ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া গত ৪, ৫, ৬, ১৩ ও ১৬ নভেম্বরও কয়েক দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এ পর্যন্ত সাতটি মামলা হয়েছে। ৯১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।