নাসিরনগরে পৃথক সংঘর্ষ ৬০ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুটি গ্রামে গতকাল শুক্রবার পৃথক সংঘর্ষে ৬০ জন আহত হয়েছে। উপজেলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে ৫০ এবং ভলাকুট ইউনিয়নের কান্দিগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আরও ১০ জন আহত হয়।কুণ্ডা গ্রামের লোকজন জানায়, গ্রামের মোল্লা বাড়ির মনোয়ার হোসেনের গরু গত বৃহস্পতিবার বিকেলে কাজিম পাড়ার নজির মিয়ার (৫০) খেতের ধান খায়। এতে নজির মিয়া ক্ষিপ্ত হয়ে মনোয়ার হোসেনের মেয়ে লিচু বেগমকে (৮) চড় দেন। কিছুক্ষণ পর মোল্লা বাড়ির লোকজন দলবেঁধে নজির মিয়াকে পেটায়। এর পরপরই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জের ধরে গতকাল সকালে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ৫০ জন আহত হয়। এদের মধ্যে ১২ জনকে জেলা সদর হাসপাতাল ও পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গতকাল সকালে কান্দিগ্রামের বিলে মাছ ধরা নিয়ে গ্রামের সাগর মিয়া ও সফর আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক দুটি ঘটনা নিশ্চিত করে জানান, বর্তমানে দুই গ্রামের পরিস্থিতিই শান্ত রয়েছে।