নাসিরনগরে পৃথক সংঘর্ষে অর্ধশতাধিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক দুটি সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।জানা গেছে, উপজেলার চাতলপাড় ইউনিয়নের পতৈর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকালে হাজি আলহাজ মিয়া ও দ্বীন ইসলাম পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ৩৫ জন আহত হয়। খবর পেয়ে চাতলপাড় পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৫টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত আনোয়ার হোসেন (৩৫) ও আলমগীর মিয়াকে (২৩) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কেনু মিয়া (৪০) ও আলফাজ উদ্দিনকে (৯০) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অপর ঘটনায় উপজেলার চাপরতলা ইউনিয়নের দক্ষিণ গ্রামে একটি রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে গতকাল দুপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহত খলিল মিয়াকে (৩৫) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে; এবাদুল মিয়া (২৫), আয়েশা বেগম (৩৬) ও জিয়াউর রহমানকে (২৭) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ইদ্রিস মিয়াকে (৬২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।