নাসিরনগরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে কৃষক খুন, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমির আইল নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে আরিফ মিয়া (৬০) নামের এক কৃষক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের বান্দাপুকুরপাড় এলাকায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রামের সাবেক ইউপি সদস্য খেলু মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের জালাল মিয়া ও সাবেক ইউপি সদস্য ধন মিয়ার মধ্যে জমির আইল নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার দুপুর থেকে ধন মিয়া তাঁর লোকজন নিয়ে জালাল মিয়াকে হত্যার জন্য বান্দাপুকুরপাড় এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ওত পেতে থাকে। বিকেলে জালাল মিয়া তাঁর লোকজন নিয়ে কৃষি জমি থেকে বাড়ি ফেরার পথে ধন মিয়া ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ধন মিয়া ও তাঁর লোকজনের বল্লম ও লাঠিসোঁটার আঘাতে আরিফ মিয়া ঘটনাস্থলেই মারা যান।