নাসিরনগরে বজ্রপাতে দুজনের মৃত্যু, সাঁথিয়ায় ঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘর
বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় আজ সোমবার দুজন নিহত হয়েছেন। আজ সন্ধ্যায় পাবনার সাঁথিয়া উপজেলায় কালবৈশাখীর আঘাতে তিন গ্রামের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
নাসিরনগর হরিপুর ইউনিয়নের নরহা ও হরিণবেড় বজ্রপাতে দুজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন হরিপুর ইউনিয়নের নরহা গ্রামের মৃত মনা মিয়ার ছেলে আজিজ মিয়া (৪৫) ও হরিণবেড় গ্রামের মৃত বুলন দাসের মেয়ে দীপ্তি রানি দাস (২২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ বিকেলে নরহা গ্রামসংলগ্ন তিতাস নদের পাড়ে স্থানীয় আংরাইল বিলের ধানি জমি দেখতে যান আজিজ। এ সময় বৃষ্টি হচ্ছিল। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই সময় হরিণবেড় গ্রামের দীপ্তি রানি দাস গোসল করতে গেলে বাড়ির পাশে তিতাস নদে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দীপ্তি মারা যান।
ইউএনও লিয়াকত আলী জানান, নিহত দুজনের পরিবারের লোকজন তাঁদের লাশ স্থানীয়ভাবে বুঝে নিয়েছে। বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যাওয়ায় তাঁদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার দরকার হয়নি।
এদিকে আজ সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের তিনটি গ্রামের শতাধিক ঘর ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। এ ছাড়া উপড়ে পড়েছে প্রচুর গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ঝড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।
এলাকার কয়েকজন জানান, আজ সন্ধ্যার দিকে হঠাৎ করেই প্রচণ্ড ঝড় বইতে শুরু করে। আট থেকে ১০ মিনিট স্থায়ী ঝড়ে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ধাতালপুর, মিয়াপুর ও রসুলপুর গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত হয়ে পড়ে। ঝড়ে ঘরের ওপর গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় রসুলপুর গ্রামের আলেয়া খাতুন (৩৫), ইমরান হোসেন (২৫), মিয়াপুর গ্রামের জলিসহ (১০) অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল জলিলের মেয়ে জলিকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ক্ষেতুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আলম বলেন, ‘তিন গ্রামের মধ্যে মিয়াপুর ও ধাতালপুর গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় প্রচুর মানুষ খোলা আকাশের নিচে বাস করছে। দ্রুত তাদের জন্য ত্রাণ-সহায়তা দেওয়া প্রয়োজন।’
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম (ইউএনও) বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়ার মতো ত্রাণ আমাদের হাতে রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’