নাসিরনগরে বরযাত্রীদের হামলায় যুবক খুন, আহত ২০, গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরযাত্রীদের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মো. সমর উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। একটি সাঁকো সরানোর ঘটনাকে কেন্দ্র করে উপজেলার গুকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১০ জন বরযাত্রীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, একটি বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেসহ ৪০-৪৫ জন বরযাত্রী ইঞ্জিনচালিত একটি নৌকাযোগে বাড়ি ফিরছিল। পথে নূরপুর পশ্চিমপাড়ার একটি খালের ওপর থেকে বাঁশের তৈরি একটি সাঁকো সরানোকে কেন্দ্র করে বরপক্ষের সঙ্গে ওই গ্রামের সলিম উদ্দিনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বরপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান সলিম উদ্দিন। খবর পেয়ে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বরপক্ষের ওপর দলবদ্ধ হামলা চালায়। এতে বরযাত্রীদের অন্তত ২০ জন আহত হয়। এ ছাড়া বরপক্ষের রাজু মিয়া, সাদ্দাম হোসেন, শিপন মিয়া, কামরুল ইসলাম, আজিজ মিয়া, আলাল উদ্দিন, আবদুর রউফ, সোহেল মিয়া, সেন্টু মিয়া ও মোজাম্মেল হক নামের ১০ জনকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ১০ জনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।