নাসিরনগরে বড়দের বিরোধে প্রাণ গেল এক শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধ বড়দের মধ্যে৷ আর এর জের ধরে প্রাণ গেল এক শিশুর৷ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে প্রতিপক্ষ গত শুক্রবার ওই শিশুকে খুন করে। একই দিন সুনামগঞ্জের দোয়ারাবাজার ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দুজন খুন হয়েছেন৷ আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আহাম্মদ আলী (৪৫) ও বাছির মিয়ার (৪২) মধ্যে জমি নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলছে। এর জের ধরে গত বৃহস্পতিবার সকালে বাছির মিয়ার পক্ষের লোকজন লাঠিসোঁটা, দা-বল্লম ও ইটপাটকেল নিয়ে আহাম্মদ আলী ও তাঁর পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায়। এ সময় বাছির মিয়ার লোকজন আহাম্মদ আলীকে না পেয়ে তাঁর ছোট ভাই মারফত আলীর মেয়ে তাহমিনা বেগমকে (৬) বল্লম দিয়ে আঘাত করে।
ঘটনাস্থলেই সে মারা যায়। বৃহস্পতিবার রাতে পুলিশ তাহমিনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গতকাল বিকেলে আহাম্মদ আলী বাদী হয়ে বাছির মিয়াকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
সুনামগঞ্জ: দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের ছেরাগ আলীর (৫০) সঙ্গে পাওনা টাকা নিয়ে একই গ্রামের কিছু লোকের বিরোধ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের পাশের রাস্তায় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। রাতেই তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান জানান, পূর্ববিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাঁদপুর: মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামের আরশাদ বেপারীর ছেলে জুয়েল হোসেন (২২) প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালবাড়ির সামনে তালের শাঁস কাটার দা হারানোকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে করবন্দ সফর আলী বেপারীবাড়ির ফরিদ মিয়া (২৫) ও একই বাড়ির আরিফ হোসেনের (২২) কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে জুয়েলকে তাঁরা ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন জুয়েলকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মতলব থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।