নাসিরনগরে ভগ্নিপতির দায়ের কোপে যুবক খুন, গ্রেপ্তার দুই
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভগ্নিপতির দায়ের কোপে মো. আফজল মিয়া (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত ১০টার দিকে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে।পুলিশ যুবকের লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, দুই বছর আগে নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের মো. রেণু মিয়ার মেয়ে রোজিনা আক্তারের (২০) সঙ্গে একই গ্রামের ফজল মিয়ার ছেলে মো. সানু মিয়ার (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে উভয় পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হয়। এ নিয়ে রেণু মিয়া সানু মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পুলিশ সানু মিয়াকে দুই মাস আগে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। স্ত্রীর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করার প্রতিশ্রুতি দিয়ে সানু মিয়া ১৫-১৬ দিন আগে বাদীর সহায়তায় জামিনে আসেন। জামিনে এসে প্রতিশ্রুতি ভঙ্গ করেন তিনি। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে পুনরায় কলহের সৃষ্টি হয়। এর জের ধরে রোববার রাতে দা ও লাঠিসোঁটাসহ সানু মিয়া ৮-১০ জন লোক নিয়ে শ্বশুরবাড়িতে হামলা চালান। এ সময় দায়ের কোপে মো. আফজল মিয়া ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে রাতেই তাঁর লাশ উদ্ধার করে। গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে তাঁর লাশ পাঠানো হয়েছে।নিহত আফজলের বাবা রেণু মিয়া বাদী হয়ে গতকাল সোমবার সকালে ১১ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সানু মিয়ার মা খুদেজা বেগম (৪৫) ও হেলাল উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।