নাসিরনগরে মাদ্রাসা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হজরত শাহজালাল (রহ.) ‘মসজিদ ও কওমি মাদ্রাসা’ কমপ্লেক্স খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গতকাল সোমবার বেলা একটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এলাকায় জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে মাদ্রাসার প্রায় ২০০ ছাত্র-শিক্ষক অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক খালেদ মো. মোশারফের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কওমি পরিষদের সভাপতি এমরান হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন ওই মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ওই মসজিদ ও মাদ্রাসা খুলে দেওয়া না হলে হরতাল, ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং রেলপথ অবরোধ করা হবে।
হজরত শাহজালাল (রহ.) মসজিদ ও কওমি মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা মাজহারুল হক কাসেমী বলেন, গত রমজানের পর থেকে একজন হাফেজ ও ১৬ জন শিক্ষার্থী নিয়ে হেফজখানা চালু করা হয়। ৬ জানুয়ারি পল্লী বিদ্যুৎ থেকে লোকজন গিয়ে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। মাদ্রাসায় ছাত্র–শিক্ষক থাকতে পারবে না, থাকলে সবাইকে গ্রেপ্তার করা হবে বলে হুমকি দেয় পুলিশ। এরপর থেকেই সব বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমেদ বলেন, মসজিদ কেউ বন্ধ করেনি। মসজিদ খোলাই রয়েছে। তবে ওইখানে স্থানীয় লোকজন তেমন একটা নামাজ পড়তে যান না বলে স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি শুনেছেন।