নাসিরনগরে যুবককে এসিড নিক্ষেপ!
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মো. হাবিব মিয়া (২০) নামের এক যুবককে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর মুখমণ্ডল ও গলা ঝলসে গেছে। গত সোমবার রাত দুইটার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতরপাড় চকবাজারে এ ঘটনা ঘটে। হাবিবের পরিবার, পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, চাতলপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে মো. হাবিব মিয়া কয়েক মাস ধরে চাতলপাড় চকবাজারে মুরগির ব্যবসা করে আসছিলেন। তিনি দোকানেই রাতযাপন করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে কে বা কারা তাঁর গায়ে এসিড ছুড়ে মারে। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাবিবের চাচা মহন মিয়া প্রথম আলোকে জানান, অবস্থার অবনতি হলে হাবিবকে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।