নাসিরনগরে রাষ্ট্রের অবহেলা, গোবিন্দগঞ্জে রাষ্ট্রীয় সন্ত্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর যে হামলা হয়েছে, সেটি রাষ্ট্রীয় সন্ত্রাস। রাষ্ট্র ঠান্ডা মাথায় সেখানে হামলা চালিয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগের কোন্দলের কারণেই অন্যরা হামলার সুযোগ পেয়েছে। সেখানে দায়িত্ব পালনে রাষ্ট্রের কর্মকর্তাদের চরম অবহেলা ছিল।
নাসিরনগর ও গোবিন্দগঞ্জে নৃশংস ঘটনার প্রতিবাদে আয়োজিত এক পর্যালোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন। সমস্যা সমাধানে ধর্মের রাজনীতি বন্ধ এবং প্রগতিশীল শক্তির ঐক্য দাবি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাঙলার পাঠশালা নামের একটি সংগঠন গতকাল বৃহস্পতিবার এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক অজয় রায় বলেন, নাসিরনগরের ৪৪ শতাংশ মানুষ হিন্দু। ১৯৭১ সালে দেশের বিভিন্ন স্থানে হিন্দুরা হামলার শিকার হলেও সেখানে তারা নিরাপদ ছিল। অথচ স্বাধীন দেশে তারা হামলার শিকার। অবশ্য সব মুসলমান সেদিন হিন্দুদের বাড়িঘরে হামলা চালাতে যায়নি। কাজেই ঢালাওভাবে দায়ী করা যাবে না। কিন্তু নাসিরনগরের মানুষ কী অতীতের সম্প্রীতির ইতিহাস ভুলে গেছে? এ ঘটনায় সেখানকার ইউএনও-ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তার মানে সরকার এই ঘটনাকে গুরুত্ব দিচ্ছে। কারা এসব হামলার উসকানিদাতা ছিল, সেটি খুঁজে বের করা উচিত।
অজয় রায় বলেন, এটি দুঃখজনক ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান রাস্তা এখনো দুজন পাকিস্তানির নামে, টিএ রোড। প্রধানমন্ত্রীর কাছে দাবি, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে এই রাস্তার নামকরণ হোক।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাষ্ট্রীয়ভাবে হামলা হয়েছে। কিন্তু সাঁওতালরা নতজানু হয়নি। আর নাসিরনগরে ইউএনও কী করে সমাবেশের অনুমতি দিলেন? দেশের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৪ সালের মতোই দেশের পরিস্থিতি। খোন্দকার মোশতাকদের জয়জয়কার।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, শুধু বিতর্ক করে বা সরকারকে দায়ী না করে এসব ঘটনার সমাধান কী, সেগুলো সরকারকে জানান, মানুষকেও জানান। যারা এসব হামলা চালাচ্ছে, তাদের সাম্প্রদায়িক না বলে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত।
অধ্যাপক স্বপন আদনান বলেন, গোবিন্দগঞ্জে কথা ছিল শুধু আখ চাষ হবে, নইলে তাদের জমি তাদের ফেরত দেওয়া হবে। কিন্তু সেটা করা হয়নি। বেসরকারি সংস্থা নিজেরা করির প্রধান খুশী কবির বলেন, কখনো ধর্মকে ব্যবহার করে, কখনো মিথ্যা উসকানি দিয়ে, কখনোবা গুজব ছড়িয়ে রামু, নাসিরনগর বা সাঁথিয়ায় হামলা হচ্ছে। এসব হামলার বিচার হচ্ছে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ এম এম আকাশ, বাসদ নেতা রাজেকুজ্জামান, কথাসাহ্যিতিক অদিতি ফাল্গুনী প্রমুখ।