নাসিরনগরে সংঘর্ষে আহত ১৫০, ৩০ বাড়ি ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গতকাল শুক্রবার পূর্ববিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। এ সময় অন্তত ৩০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের ১৯টি শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের পাঁচবাড়ীর প্রভাষক মাঈন উদ্দিন ও সাবেক ইউপি সদস্য বড়বাড়ীর মাঞ্জু মিয়ার মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের জের ধরে গতকাল সকাল আটটার দিকে পাঁচবাড়ীর লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড়বাড়ীর লোকজনের ওপর হামলা চালায়। কিছুক্ষণের মধ্যে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ গিয়ে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের ১৯টি শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে গ্রামের কমপক্ষে ৩০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সূত্র আরও জানায়, সংঘর্ষে নারীসহ দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ওবায়দুর রহমান (৫০), রতন মিয়া (৩০), আবদুর রাজ্জাক (৩২), উবায়েদ মিয়া (৩৫), জয়নাল মিয়া (৪৫), তাবর আলী (২০), আফিন মিয়া (৪০) ও মহিন মিয়াকে (১৭) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং আরও ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক গতকাল বিকেলে জানান, পূর্ববিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।