নাসিরনগরে সংঘর্ষে যুবলীগের নেতা নিহত, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিমপাড়ায় গতকাল রোববার সকালে পূর্ববিরোধের জের ও আধিপত্য বিস্তার নিয়ে সাহেদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত সাহেদ মিয়া নাসিরনগর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য আজদু মিয়ার ছোট ভাই। সাহেদ মিয়া নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্য আজদু মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের সমর্থিত লোকজনের মধ্যে গতকাল সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকি ৎ সা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ এক মহিলাসহ চারজনকে আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ও বর্তমান ইউপি সদস্য মো. আজদু মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে। গতকাল সকালে সাহেদ মিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসার পথে একদল লোক তাঁকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই সাহেদ মিয়া নিহত হন। খবর পেয়ে আজদু মিয়ার লোকজন ও মোশাররফ হোসেনের সমর্থিত লোকজনের মধ্যে দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ চার ব্যক্তিকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।ইউপি সদস্য মো. আজদু মিয়া জানান, মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর আগে থেকে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে।