নাসিরনগরে হাঁস চুরি নিয়ে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ
হাঁস চুরির ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফিদিয়ারকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্য দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফিদিয়ারকান্দি গ্রামের হামিদ মিয়ার সঙ্গে একই গ্রামের জুয়েল মিয়ার বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে হামিদের একটি হাঁস চুরি করে জুয়েল। এ ঘটনায় বিকেলে হামিদ জুয়েলকে গালিগালাজ করেন। রাত সোয়া নয়টার দিকে জুয়েলের লোকজন হঠাৎ করে হামিদের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে হামিদ মিয়ার পক্ষের মিজান মিয়া (২১) এবং ডালিম মিয়া (১৫) গুলিবিদ্ধ হন এবং দুই পক্ষের আরও ১৮ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে মিজান, ডালিম, আলমগীর হোসেন, রফিক মিয়া, জাহের হোসেন, জামিল হোসেন ও সাদ্দাম হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জেলার বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, হাঁস চুরি করে খেয়ে ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।