নাসিরনগরে হামলা : আ.লীগ নেতা আহাদের রিমান্ড
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার উপজেলা অাওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ অাবদুল অাহাদের (৫০) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন এ আদেশ দেন।
আদালত পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন গ্রেপ্তার হওয়া শেখ আবদুল আহাদের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার প্রথম দফায় তাঁকে কারাফটকে চার দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম অায়েশা বেগম।
গত বছরের ২৭ ডিসেম্বর নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে শেখ অাবদুল অাহাদকে গ্রেপ্তার করা হয়।
ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে নাসিরনগরে ৩০ অক্টোবর এবং এরপরে পুলিশি নিরাপত্তার মধ্যেই আরও হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ এ পর্যন্ত ১০৪ জনকে গ্রেপ্তার করেছে।