নাসিরনগরে হামলা: ইউপি চেয়ারম্যান আতিকুরের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে রিমান্ডের আবেদন শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন এ আদেশ দেন।

জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চেয়ারম্যান আতিকুরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আতিকুর কয়েকজনের নাম বলেছেন। তা ছাড়া নাসিরনগরে হামলার ঘটনা তদন্ত করে আতিকুরের সম্পৃক্ত থাকার যথেষ্ট প্রমাণ পুলিশের কাছে রয়েছে। গত বছরের ৩০ অক্টোবর হরিপুর ইউপির হরিণবেড় বাজার থেকে লোকজন নিয়ে নাসিরনগর সদরে সমাবেশস্থলে যাওয়ার জন্য আতিকুর ট্রাক ভাড়ার অর্থের জোগান দিয়েছেন। ৩০ অক্টোবর নাসিরনগরের গৌর মন্দির ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় আতিকুরকে গ্রেপ্তার দেখানো হয় বলে তিনি জানান।

৫ জানুয়ারি ভোরে ঢাকার ভাটারা এলাকা থেকে আতিকুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ধ্যার দিকে ভাটারা থানা-পুলিশ তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজ উদ্দিন ও এসআই ইশতিয়াক আহমেদের কাছে হস্তান্তর করে।

রসরাজ দাস নামের এক ব্যক্তি ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়েছেন—এমন অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। এরপর আরও চার দফায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় আতিকুরসহ ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।