নাসিরনগরে হামলা মামলায় জিজ্ঞাসাবাদে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বসতি ও মন্দিরে হামলার ঘটনার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

তাঁরা হলেন উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মনোরঞ্জন দেবনাথ ও একই ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমানের সহকারী উত্তম দাস।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জাফর আজ সোমবার প্রথম আলোকে বলেন, নাসিরনগরে হামলার ঘটনার হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হরিপুরের ইউপির সচিব মনোরঞ্জন দেবনাথ এবং হরিপুরের ইউপির চেয়ারম্যান আতিকুর রহমানের সহকারী উত্তম দাসকে আটক করা হয়েছে।

গত ৩০ অক্টোবর রাতে নাসিরনগরের দয়াময়ের ভাই রসরাজ দাসের ফেসবুক পোস্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু বসতি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। নাসিরনগর সদর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হরিণবেড়ে রসরাজদের বাড়িও ভাঙচুর করা হয়। এরপর আরও চার দফায় হিন্দু সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।