ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের ও উসকানিদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলার নেতারা। ‘ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন এবং গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে রাষ্ট্রীয় সন্ত্রাস, লুটপাট ও হত্যার প্রতিবাদে’ আয়োজিত সংহতি সমাবেশে বক্তারা এ দাবি জানান।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে এ সমাবেশ করা হয়।
সংগঠনের চট্টগ্রাম জেলার সদস্যসচিব অপু দাশ গুপ্তের সভাপতিত্বে ও সদস্য শফিউদ্দিন কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের পূর্ব জোনের প্রধান ভুলন ভৌমিক, প্রগতিশীল চিকিৎসক ফোরামের আহ্বায়ক সুশান্ত বড়ুয়া, নাট্যকার তাপস চক্রবর্তী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলা আহ্বায়ক আসমা আক্তার, আইনজীবী বিশুময় দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি সত্যজিৎ বিশ্বাস ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক মেজবাহ উদ্দীন।
বক্তারা বলেন, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনা পরিকল্পিত। ধর্ম ব্যবসায়ী ও কায়েমি স্বার্থবাদীদের পরিকল্পিত সাম্প্রদায়িক উসকানি এবং সরকারের নিষ্ক্রিয়তার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বক্তারা দাবি করেন।
বক্তারা বলেন, নাসিরনগরের হামলার ক্ষত না শুকাতেই আদিবাসীদের ওপর হামলা হয়েছে। পিতৃপুরুষের ভিটা ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনরত আদিবাসীদের ওপর প্রশাসনের ছত্রচ্ছায়ায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তাঁরা। সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান বক্তারা।