নাসিরনগরে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলার ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানকে ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার খবর পেয়ে ভাটারা থানার উপপরিদর্শক মো. বাবুল তাঁকে গ্রেপ্তার করেন।
বিষয়টি জানতে পেরে ব্রাহ্মণবাড়িয়া থানা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ও নাসিরনগর থানার উপপরিদর্শক ইশতিয়াক আহমেদ চেয়ারম্যান আতিকুরকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসার জন্য ঢাকায় যান। পরে বেলা সাড়ে তিনটার দিকে আতিকুরকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন তাঁরা।
মফিজ উদ্দিন ও ইশতিয়াক আহমেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার ঘটনায় আদালতে এ পর্যন্ত ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নাসিরনগরের হামলার দিন দেওয়ান আতিকুর রহমানের নির্দেশে ট্রাক ভাড়া করা হয় বলে একাধিক আসামি জবানবন্দি দিয়েছেন। আতিকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন। এর আগে নাসিরনগরের ঘটনার অন্যতম হোতা গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আতিকুরের নাম বলেছেন।
গত ৩০ অক্টোবর রাতে নাসিরনগরের রসরাজ দাস নামে এক ব্যক্তির ফেসবুক পোস্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু বসতি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। নাসিরনগর সদর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হরিণবেড়ে রসরাজদের বাড়িও ভাঙচুর করা হয়। এরপর আরও চার দফায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১০৪ জনকে।