নাসিরনগরে হামলার প্রতিবাদে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কখনো ধর্ম অবমাননা, কখনো নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে, কখনো সম্পদ দখল বা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এ ধরনের হামলার ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তি দেশকে পাকিস্তানি চেতনায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর বারবার হামলা তারই ধারাবাহিকতা। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু চক্রান্তকারী কর্মকর্তার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এ ধরনের সাম্প্রদায়িক হামলা হচ্ছে।
সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, সহসভাপতি মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আবদুর রাজ্জাক বক্তব্য দেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।