নাসিরনগরে হামলার প্রতিবাদে সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়িঘর পুনর্নির্মাণের দাবি জানান।
গতকাল মঙ্গলবার সকালে নগরের নিউমার্কেট মোড়ে ‘সর্বস্তরের সকল জনসাধারণ’-এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ হয়। কোতোয়ালি থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লিটন কুমার শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ, সমাজসেবক অনুপ বিশ্বাস, জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রিপম দাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, তা নিন্দনীয়। স্বাধীন এই দেশে সব নাগরিকের বসবাস করার সমান অধিকার আছে।
বক্তারা বলেন, মন্ত্রী ছায়েদুল হককে তাঁর কটূক্তির জন্য ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তাঁকে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগ থেকে বাদ দিতে হবে।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কোতোয়ালি মোড়, আন্দরকিল্লা হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।