নাসিরনগরে হিন্দু-মুসলিম মিলে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়িতে রাত ১০টা। গ্রামের মেঠোপথ, ঝোপঝাড় আর বাড়ির পাশ দিয়ে হেঁটে-হেঁটে ‘হে...ই, অ...ই, হে...ই, অ...ই’ এ রকম শব্দ তুলে ছোট-ছোট দলে পাহারা দিচ্ছেন স্থানীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের লোকজন। গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিভিন্ন গ্রাম-মহল্লার চিত্র এটি। এটি এখন এ উপজেলার অনেক গ্রামের রাতের চিত্রও।

গত ৩০ অক্টোবর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মন্দির ও বাড়িঘরে হামলা এবং পরে পুলিশি নিরাপত্তার মধ্যেই হামলা-অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় হিন্দু-মুসলিমরা এখন এভাবেই লাঠি, বাঁশি ও টর্চ হাতে রাত জেগে গ্রামের মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিচ্ছেন। অবশ্য প্রতিদিন রাতভর পুলিশ ও বিজিবি সদস্যদের টহলও অব্যাহত আছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বণিকপাড়ায় ১২টি দল, পূর্বপাড়ায় ৮টি, দত্তপাড়ায় ৮টি, মহাকালপাড়ায় ১২টি, কাশিপাড়ায় ৬টি, ঋষিপাড়ায় ৮টি, পশ্চিমপাড়ায় ১০টি, ঘোষপাড়ায় ৮টি, গাঙ্গলপাড়ে ১১টি ও আনন্দপুরে ৬টি দল পালাক্রমে রাতে পাহারা দিচ্ছে। প্রতিটি দলে রয়েছেন ৮ থেকে ১০ জন।

সোমবার রাত নয়টার দিকে দেখা গেল, মহাকালপাড়ার শিবমন্দির গৌর মন্দিরের বাইরে বিজিবির একটি গাড়ি। বিজিবি সদস্যরা কয়েকটি দোকানে বসে সতর্ক দৃষ্টি রাখছেন। মন্দির এলাকার ভেতর আর্মড পুলিশের একটি তাঁবুও চোখে পড়ে।

এ সময় লাঠি হাতে গায়ে চাদর মোড়ানো নান্টু চন্দ্র দাস এগিয়ে আসেন। বলেন, হামলার পর থেকে তিনি প্রতি রাতেই ওই মন্দির পাহারা দিচ্ছেন। গ্রামের যুবক ও বয়স্কদের একটি দলও মন্দিরের মোড়ে পাহারায় রয়েছে।

মহাকালপাড়ায় পাহারায় ছয়জনের দলের নেতৃত্বে ছিলেন পাড়ার বাসিন্দা মিজান মিয়া। তিনি বলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত একদল পাহারা দেবে। ১২টার পর আসবে আরেকটি দল। এলাকায় অপরিচিত লোক দেখলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহ হলে পুলিশকে খবর দেন। এভাবে তাঁরা ১৮ দিন ধরে পাহারা দিচ্ছেন।

পশ্চিমপাড়ার চিমটিপুর মহল্লার সাগর দাসের বাড়ির কাছে চারটি বাঁশের খুঁটিতে একটি পলিথিন টানিয়ে ও মেঝেতে খড় বিছিয়ে টর্চ, বাঁশি ও লাঠি নিয়ে হিন্দু-মুসলিম মিলে ছয়জন বসে ছিলেন। তাঁরা সবাই পাহারা দিচ্ছেন।

দাসপাড়ার বিভিন্ন মহল্লাতেও পৃথক দলকে পাহারা দিতে দেখা গেল। দলের একজন নারায়ণ দাস বলেন, মহল্লার বিভিন্ন দিকে দুজন করে তাঁরা ঘোরাফেরা করেন। বাঁশি বাজান। এভাবে রাতে পাহারার জন্য সকালে কাজে যেতে পারেন না। এতে আয়–রোজগারে টান পড়ছে। অর্জুন দাস বলেন, হামলার পর ভোর চারটা পর্যন্ত পাহারা দেওয়া হতো। কয়েক দফায় আগুনের ঘটনা চারটার পর ঘটেছিল। তাই এখন ভোর ছয়টা পর্যন্ত পাহারা দেওয়া হয়।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘আমার আওতাধীন এলাকায় রাতে পাহারার জন্য ১২টি দল রয়েছে। প্রতি দলে আটজন সদস্য। প্রত্যেককে এক রাত পাহারা দিতে হয়। পুলিশের সঙ্গে সমন্বয় করেই হিন্দু-মুসলিম মিলেমিশে পাহারা দিচ্ছে।’

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে ভোর পর্যন্ত এলাকাবাসী নিজে উদ্যোগী হয়ে পাহারা দেয়। এলাকাবাসী পাহারা দেওয়ার আগে তাদের নামের তালিকা থানায় জমা দিয়ে যায়।