নাসিরনগরে ১১ বীজাগার ভবন বেদখলে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষি বিভাগের কয়েক কোটি টাকা মূল্যের ১১টি বীজাগার ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এ সুযোগে স্থানীয় লোকজন এগুলো দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো বীজাগারের জায়গা দখল করে কবরস্থান, দোকানঘর, শহীদ মিনার, মসজিদ ও বসতঘর নির্মাণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬২-৬৪ অর্থবছরে তৎকালীন সরকার কৃষকদের পরামর্শ দেওয়া, সহজ প্রক্রিয়ায় কৃষকদের মাঝে উন্নত মানের বীজ, কীটনাশক, ইউরিয়া সারসহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ ও বিতরণ নিশ্চিত করার জন্য উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টিতে ইউনিয়ন বীজাগার-কার্যালয় কাম কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ করে। কিন্তু এসব বীজাগারের কার্যক্রম এখন বন্ধ রয়েছে।
সরেজমিনে নাসিরনগর সদর, ভূরিশ্বর, ফান্দাউক, কুন্ডা, ভলাকুট, গায়ালনগর ও পূর্বভাগ ইউনিয়নে দেখা যায়, ভবনগুলোর অধিকাংশই ভগ্ন ও জরাজীর্ণ হয়ে পড়েছে। নাসিরনগর সদর ইউনিয়নের কামারগাঁও গ্রামে ৫ শতক জমির ওপর অবস্থিত বীজাগার ভবনটি জরাজীর্ণ। স্থানীয় লোকজন এর আশপাশের ভূমি দখল করে কবরস্থান হিসেবে ব্যবহার করছেন।
ভূরিশ্বর ইউনিয়নের বীজাগারটি ২০ শতাংশ ভূমির ওপর প্রতিষ্ঠিত হলেও ভবনের জায়গাটি ছাড়া বাকি অংশ প্রতিবেশীরা দখল করেছেন।
কৃষি কর্মকর্তার অভিযোগ, ভবনের পাশের বাসিন্দা নাজমুল হক নামের এক ব্যক্তি ভবনের পাশ থেকে উদ্দেশ্যমূলকভাবে মাটি কেটে নিয়েছেন। এতে ব্যবহারের উপযোগী ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাজমুল হক ক্ষিপ্ত হয়ে বিষয়টি এড়িয়ে যান।
৮ শতক ভূমির ওপর অবস্থিত ফান্দাউক ইউনিয়নের বীজাগারের পুরোনো ভবনটি ২০০৪ সালের বন্যায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এরপর তৎকালীন ইউপি চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ভবনটি ভেঙে সেখানে দুটি পাকা ভবন ও একটি টিনশেড ঘর নির্মাণ করেন। ভবনগুলো এখন স্থানীয় লোকজনের দখলে। সাবেক চেয়ারম্যানের লোকজন প্রতি মাসে এসব দোকান থেকে ভাড়া পেয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। একটি ভবনে ১০ বছর ধরে আবদুর রহমান নামের এক ব্যক্তি ব্যবসা করে আসছেন। তিনি বলেন, ‘এখানে আমি এমনিতেই আছি। কাউকে ভাড়া দিতে হয় না।’
দখলের অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য মো. ফারুকুজ্জামান বলেন, এটি নির্মিত হয়েছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে। এটি যে কৃষি বিভাগের ভূমি, এমন তথ্য তাঁর জানা নেই।
৪৮ শতাংশ ভূমির ওপর কুন্ডা ইউনিয়নের বীজাগারটি স্থানীয় লোকজন মসজিদের অংশ হিসেবে ব্যবহার করছেন।
ভলাকুট গ্রামে ৮ শতক ভূমি তৎকালীন সরকার গ্রামের বারেন্দ্র দত্তের কাছ থেকে অধিগ্রহণ করে। বর্তমানে গ্রামের দিলীপ কিশোর জায়গাটি দখলে নিয়েছেন। তিনি ২০০২ সালে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত গত বছরের ২৬ জুলাই কৃষি কার্যালয়ের পক্ষে রায় দেন। এরপরও দিলীপ কিশোর জায়গাটি ছাড়েননি। তিনি সেখানে দোকানঘর নির্মাণ করে রেখেছেন। দিলীপ দাবি করেন, জায়গাটি তাঁর দাদার বৈঠকখানা ছিল।
গোয়ালনগর ইউনিয়নের বীজাগারের ভূমির পরিমাণ ২২ শতাংশ। গ্রামের সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি অধিগ্রহণ করা হয়েছিল। এটি বর্তমানে ইউপি চেয়ারম্যান আজহারুল হকের দখলে। এ বিষয়ে কথা বলতে চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
২২ শতক ভূমির ওপর পূর্বভাগ ইউনিয়নের বীজাগারের জায়গার একাংশ কায়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দখল করে শহীদ মিনার নির্মাণ করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈলেশ চন্দ্র সরকার শহীদ মিনারটির অবস্থান বীজাগারের জায়গায় বলে নিশ্চিত করে বলেন, এটি ১০-১২ বছর আগে নির্মিত হয়েছে। তখন তিনি এ বিদ্যালয়ে ছিলেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, কৃষি বিভাগের ধরমণ্ডল, গুনিয়াউক, হরিপুর ও গোকর্ণ ইউনিয়নের বীজাগারগুলোও বেদখলে। আর চাতলপাড় বীজাগারটি এখনো উপজেলা কৃষি বিভাগের আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান বলেন, ১৯৬২-৬৪ অর্থবছরে উপযুক্ত মূল্য দিয়ে জমি অধিগ্রহণ করেই বীজাগারগুলো নির্মাণ করা হয়েছিল। বছরের পর বছর ধরে এসব বীজাগারে কোনো কার্যক্রম না থাকায় অধিকাংশ ভবন ব্যবহারের অনুপযোগী ও বেদখল হয়ে গেছে। প্রায় এক বছর ধরে পুরোনো নথিপত্র ঘেঁটে উপজেলা কৃষি বিভাগের বেদখল হওয়া এসব সম্পত্তি উদ্ধারের চেষ্টা চলছে।