নাসিরনগরের ওসি প্রত্যাহার বিচার বিভাগীয় তদন্ত দাবি
হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনার চার দিন পর গতকাল বুধবার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। তবে সমাবেশের অনুমতি দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমেদ এখনো দায়িত্বে আছেন।
নাসিরনগরের ঘটনা তদন্তে আসা জাতীয় মানবাধিকার কমিশন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।
জেলা পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম প্রথম আলোকে জানান, নাসিরনগর থানার ওসি আবদুল কাদেরকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। নাসিরনগরের ঘটনা তদন্তে গঠিত পুলিশের তদন্ত কমিটির সদস্য জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, ঘটনার তদন্ত চলছে।
ঘটনার চার দিন পর ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের (নাসিরনগর) সাংসদ ও মন্ত্রী ছায়েদুল হক গতকাল এলাকায় এলেও কোনো মন্দির পরিদর্শনে যাননি। কোনো হিন্দু পরিবারের সঙ্গেও তিনি কথা বলেননি।
নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসতবাড়িতে হামলার চতুর্থ দিনে জেলা আওয়ামী লীগের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার গতকাল হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রাম পরিদর্শন করেন। মোকতাদির চৌধুরী এ সময় বলেন, পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটি মহল নাসিরনগরের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা যে-ই হোক ছাড় পাবে না।
এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এনামুল হক চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গতকাল ঘটনা তদন্তে নাসিরনগরে আসে। ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনের পাশাপাশি হিন্দু পরিবারগুলোর সঙ্গে তাঁরা কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনামুল হক চৌধুরী বলেন, একাত্তরে যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন করা হয়েছে, নাসিরনগরের ঘটনার সঙ্গে তার মিল রয়েছে। এখানে পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কেন, কী কারণে এখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এখানকার প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। গতকাল ঐক্য পরিষদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে। পরে নাসিরনগর গৌড়মন্দিরে সমাবেশে অংশ নেন তাঁরা।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল গতকাল ঘটনাস্থল ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি। সাংবাদিকদের সুলতানা কামাল বলেন, এখানে পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কাজেই তাদের দিয়ে তদন্ত কমিটি গঠন করা হলে তাতে সত্য উঠে আসবে না। এ কারণে তিনি বিচার বিভাগীয় তদন্ত কিংবা নিরপেক্ষ নাগরিকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
বেসরকারি সংস্থা নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী মঞ্চের সদস্যসচিব নুর মোহাম্মদ এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য রাগিব হাসান, কাফি রতনসহ দলের নেতারা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন।