নাসিরনগরের ঘটনার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়া গেলে মঙ্গলবার থেকে সারা দেশে লাগাতার অবস্থানের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এ সময় রাজধানীর এই ব্যস্ত সড়ক মোড় দিয়ে কোনো যান চলাচল করেনি। ফলে ছুটির দিনেও রাজধানীতে যানজটের সৃষ্টি হয়। অনেক বাস নির্ধারিত রুটে যেতে না পেরে রূপসী বাংলা মোড়, কাকরাইল মসজিদ, কাঁটাবন, নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করেছে।
নাসিরনগরে হামলার প্রতিবাদে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে দোয়েল চত্বর দিয়ে জাতীয় প্রেসক্লাবে যায়। সেখানে বেশ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা আগে থেকে সমাবেশ করছিলেন। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল করে শাহবাগে আসেন।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আগে থেকে একই দাবিতে একটি সংগঠনের কর্মসূচি ছিল। শাহবাগ মোড় অবরোধ করলে তারাও এতে যোগ দেয়। এ সময় কয়েক শ মানুষের জমায়েত হয় সেখানে। শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ান প্রতিবাদকারীরা। তাঁরা ছায়েদুল হককে দল থেকে বহিষ্কার ও মন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানার ছাড়াও ‘সচেতন হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সাধারণ হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সনাতন বিদ্যার্থী সংসদ’, ‘রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদ’ নিজেদের ব্যানারে শাহবাগে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা লিখিতভাবে ছয় দফা দাবি জানান। এগুলো হলো মন্ত্রী ছায়েদুল হককে বহিষ্কার, ক্ষতিগ্রস্ত হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির সরকারি খরচে পুনর্নির্মাণ, উসকানিদাতা, মদতদাতা ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, নিখোঁজ হিন্দু পরিবারগুলোকে খুঁজে বের করে পুনর্বাসন করা, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠন করা।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মোমবাতি প্রজ্বালন করেন আন্দোলনকারীরা। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের সমন্বয়ক মানিক রক্ষিত। তিনি বলেন, ‘এটা দুঃখজনক, এতক্ষণ ধরে অবস্থান ধর্মঘট করার পরও সরকারের পক্ষ থেকে কেউ এসে আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেননি, দাবি মানার আশ্বাস দেননি।’ তিনি মন্ত্রীর অব্যাহতিসহ দাবিগুলো পূরণে তিন দিনের সময় বেঁধে দিয়ে মঙ্গলবার সকাল ১০টায় শাহবাগসহ সারা দেশে একযোগে বিক্ষোভ সমাবেশ ও লাগাতার অবস্থানের ঘোষণা দেন।
পরে আলোর মিছিল করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
শাঁখারীবাজারে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় পুরান ঢাকার শাঁখারীবাজারে মানববন্ধন করে প্রজন্ম ’৭১।
মানববন্ধনে গণজাগরণ মঞ্চের একাংশের অন্যতম সংগঠক কামাল পাশা চৌধুরী বলেন, নাসিরনগরসহ দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর কারা হামলা চালাচ্ছে, তা সরকারকে চিহ্নিত করতে হবে। তাদের বিচারের মুখোমুখি করতে হবে।
প্রজন্ম ’৭১-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহিদ রেজা নূর বলেন, একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই গোষ্ঠীটি সম্ভবত স্বাধীনতাবিরোধী ছিল। তা না হলে তারা সমাজের নব্য রাজাকার।
প্রজন্ম ’৭১-এর সহসভাপতি আসিফ মুনির বলেন, ‘নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে আঘাত করা হয়েছে, তা আমাদের বিস্মিত করেছে। বিভিন্ন সময় নানান উসকানিতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিসাধন করে আসছে একশ্রেণির স্বার্থান্বেষী মহল।’
অনুষ্ঠানে প্রজন্ম ’৭১-এর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সদস্য শাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পোস্তগোলা জাতীয় মহাশ্মশান কমিটি।