ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলার জন্য স্থানীয় প্রশাসনের অদক্ষতাকে দায়ী করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুল ইসলাম বলেন, নাসিরনগরে দুটি ইসলামি দলকে সমাবেশ করার অনুমতি দেন ইউএনও এবং ওসি। কিন্তু তাঁরা জেলা প্রশাসককে কিছুই জানাননি। এ কারণে নাসিরনগরের ঘটনা আরও বাড়ল। এসব বিষয়ে আরও সতর্ক হতে হবে। এ রকম কিছু ঘটলে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।
চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। এতে কোস্টগার্ড পূর্বাঞ্চলের প্রধান শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা এবং চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন।
সভায় ডিআইজি বলেন, জঙ্গিরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। প্রতিটি জেলার প্রশাসক ও পুলিশ সুপারকে এ বিষয়ে আরও তৎপর হয়ে জঙ্গি দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, সম্প্রতি একটি ওয়াজ মাহফিল থেকে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন নিয়ে সম্প্রীতি নষ্টের উসকানি দেওয়া হয়। তখন মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন পুলিশের এক কর্মকর্তা। ওই পুলিশ কর্মকর্তা তখন বক্তাকে সরিয়ে দিয়ে রোহিঙ্গা সমস্যা নিয়ে মাহফিলে কথা বললেন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি ও উসকানিমূলক কর্মকাণ্ড ঠান্ডা মাথায় সামাল দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।
জঙ্গিদের তৎপরতা নিয়ে জেলা প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম বলেন, সাজা ভোগ শেষে কিংবা জামিনে বেরিয়ে আত্মগোপনে থাকা জঙ্গিদের নিয়ে ভয় বেশি। হলি আর্টিজানের ঘটনার প্রায় ১৫ দিন পর বাংলা ভাইয়ের আমলের পুরোনো জেএমবি আবারও সক্রিয় হয়ে ওঠে। তাদের তৎপরতা সম্পর্কে পুলিশ সতর্ক রয়েছে। তাদের তালিকা প্রতিটি জেলার পুলিশ সুপারকে দেওয়া হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।
সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বলেন, জঙ্গিবাদ দমনসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন কাজ নয়।