নাসিরনগরের হামলা: জাহাঙ্গীর চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলার ঘটনায় জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলাম শুনানি শেষে চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে জাহাঙ্গীর আলমকে গতকাল সোমবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের কালাই শ্রীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ নিয়ে এখন পর্যন্ত নাসিরনগরের ঘটনায় সাতটি মামলায় ৯১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের সংকরাদহ গ্রামের বেনু মিয়ার ছেলে। তিনি স্থানীয় হরিণ বেড় বাজারের আল আমিন সাইবার পয়েন্ট অ্যান্ড স্টুডিওর মালিক।

গত ইউপি নির্বাচনে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানের পক্ষে কাজ করেছেন জাহাঙ্গীর। হরিপুরের চেয়ারম্যান আতিকুর রহমান প্রথম আলোর কাছে একাধিকবার স্বীকার করে বলেছেন, ‘জাহাঙ্গীর আমার গ্রামের ছেলে। ইউপি নির্বাচনে জাহাঙ্গীর আমার পক্ষে কাজ করেছে।’ স্থানীয়ভাবে জাহাঙ্গীর কোন দলের রাজনীতির সঙ্গে জড়িত তা জানা যায়নি।

ঘটনার শুরু থেকেই অভিযোগ উঠে, জাহাঙ্গীর আলম তাঁর আল আমিন সাইবার পয়েন্ট অ্যান্ড স্টুডিও থেকে ধর্মীয় অবমাননাকর ছবিটি প্রিন্ট করে লিফলেট আকারে এলাকায় বিতরণ করেন। জাহাঙ্গীর আলমই রসরাজের ফেসবুক আইডি হ্যাক করে সেই ধর্মীয় অবমাননাকর ছবিটি পোস্ট করেছিল বলেও অভিযোগ উঠেছিল। গতকাল সোমবার জেলা পুলিশের পক্ষ থেকেও বলা হয়, জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে পারলে অনেক কিছুই বের হয়ে আসবে।

এদিকে এক মামলায় গ্রেপ্তার হরিপুর গ্রামের যুবদল নেতা বিল্লাল মিয়াও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, নাসিরনগরে হামলার দিন লোকজন জড়ো করতে দুটি ট্রাক ভাড়া করেন তিনি। এ ছাড়া তিনি নিজের একটি ট্রাক্টরে করে লোকজন নাসিরনগর উপজেলা সদরে নিয়ে যান। তিনি ধর্ম অবমাননার অভিযোগের প্রতিবাদে হওয়া সমাবেশেও অংশ নেন।

হরিপুর ইউনিয়নের হরিণ বেড় গ্রামের বাসিন্দা ও ট্রাক্টর মালিক নুরুল হক, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ট্রাকচালক পারভেজ খান, ফারুক মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আহাদ মিয়া মন্দির হামলার ঘটনায় করা মামলায় সাক্ষী হিসেবে ১৩ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় বিবৃতি দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর অনেক তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে এসব এখন বলা যাচ্ছে না। রিমান্ডে তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। তখন সবকিছুই জানানো হবে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আরও কয়েক দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।