নাসিরনগর-লাখাই মেলবন্ধন বলভদ্র সেতু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক সংযোগকারী বলভদ্র সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার উদ্বোধনের পর সেতুটি দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
এ সেতু নির্মাণের ফলে হবিগঞ্জের লাখাই উপজেলার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সরাসরি সড়কপথে যুক্ত হলো। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২১ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকা। এর দৈর্ঘ্য ২১৭ দশমিক ৬৮ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। এটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা বলেন, আগে হবিগঞ্জের লাখাই উপজেলার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ওই দুটি উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ২০১১-১২ অর্থবছরে বলভদ্র নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে স্থান নির্ধারণের জটিলতায় কয়েক বছর পেরিয়ে যায়। পরে বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী সেতুটি হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ও নাসিরনগর উপজেলার ফাউন্দাউক বাজার এলাকায় নির্মাণ করা হয়।
সওজ কর্মকর্তারা আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প পথ হিসেবে হবিগঞ্জ জেলা সদর ও লাখাই উপজেলা হয়ে নাসিরনগর-সরাইল সড়ক দিয়ে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় সহজে যাতায়াত করা যাবে। এতে এক ঘণ্টা সময় সাশ্রয়ের পাশাপাশি ঢাকা-সিলেটের দূরত্ব কমবে প্রায় ৪৫ কিলোমিটার।
এ সেতু উদ্বোধন উপলক্ষে গতকাল সকালে হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নধারা বহাল রাখতে জ
নগণের সহযোগিতা কামনা করেন।